হঠাৎ কালবৈশাখী! কাঁপছে শহর, যা হতে পারে সামনে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের আট বিভাগেই এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকতে পারে। তবে, আগামী পহেলা এপ্রিলের পর থেকে বৃষ্টি কমার পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ৬ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ও রংপুরে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে এই সময়ে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে জানিয়েছেন, আগামী তিনদিন দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ২ থেকে ৫ এপ্রিলের মধ্যে বৃষ্টি কমে তাপমাত্রা আবার বাড়তে পারে।





