ঢাকা বিভাগ

গণছিনতাই-চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও: ভয়ে দিন কাটছে এলাকার বাসিন্দাদের

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করেও প্রতিবাদ জানান ক্ষুব্ধ জনতা।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদা না দেওয়ায় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। এই ঘটনার পরপরই ভুক্তভোগীসহ স্থানীয়রা চাঁদাবাজি ও গণছিনতাইয়ের বিচার এবং প্রতিরোধের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামেন।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি আদাবর এলাকায় চাঁদাবাজি ও গণছিনতাই আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ঘটনার পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১২টার দিকেও ব্যবসায়ী ও জনতার থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি চলছিল। এ সময় নানা স্লোগান দিতেও দেখা যায় তাদের।

মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকর্মীদের জানান, এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের ওপর হামলার ঘটনার তদন্ত করছে পুলিশ। তিনি আশ্বাস দেন, অপরাধী যেই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তবে পুলিশের আশ্বাসের পরও এলাকার মানুষের মধ্যে দুশ্চিন্তা কাটছে না। তারা আশা করছেন, চাঁদাবাজি ও গণছিনতাই প্রতিরোধে প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, যাতে আদাবরের মানুষ নির্ভয়ে তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button