চুরির ২৫ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও গৃহকর্মী, অবশেষে যা ঘটল!

রাজধানীর লালবাগে এক বাসায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনায় অবশেষে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বর্ণালংকারসহ পলাতক ছিল চোর চক্রের সদস্যরা।
ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ মার্চ) লালবাগের আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি বাসায় এই চুরির ঘটনা ঘটে। গৃহকর্মী পরিচয়ে রোজিনা আক্তার নামে এক নারী চুরি সংঘটিত করে। সে প্রথমে বাদীর বাসায় কাজ করার অজুহাতে প্রবেশ করে এবং পরে সুযোগ বুঝে বাসায় থাকা স্বর্ণালংকারের মূল্যবান বাক্সটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় নয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার চুরি হয়েছিল, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
এই ঘটনার প্রেক্ষিতে লালবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। পুলিশ তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আট ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় চোর চক্রের সদস্য। এ ঘটনায় আরও স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





