ভয়ংকর প্রতারণা: গরুর নামে যা খাচ্ছিলেন রূপগঞ্জের মানুষ!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৯টি জবাই করা এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অসাধু ব্যবসায়ীরা অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা ৯৯৯ জরুরি সেবায় ফোন করে বিষয়টি জানানোর পর পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করেন। অসাধু ব্যবসায়ীরা ২০টি ঘোড়ার মধ্যে ৯টি জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলো, বাকি ১১টি ঘোড়া জীবিত অবস্থায় রেখে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ জানিয়েছে, অসাধু ব্যবসায়ীরা রাতের আঁধারে পূর্বাচল উপশহরের নির্জন স্থানে ঘোড়া জবাই করে তার মাংস গরুর মাংস বলে কম দামে স্থানীয় বিভিন্ন রেস্তোরাঁ ও মাংসের দোকানে বিক্রি করতো। ফলে দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষ গরুর মাংস মনে করে ঘোড়ার মাংস খেয়ে আসছিল। এই প্রতারণা ফাঁস হওয়ায় ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ধরনের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এই ঘটনা খাদ্যে ভেজাল এবং প্রতারণার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাংস বিক্রিতে আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।





