বুলেটের মুখে দেশ ছাড়লেন নবীন: সন্তানদের বাঁচাতে যা করলেন!

দেশজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন দেশ ছেড়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফেসবুক পোস্টে তার এ সিদ্ধান্ত জানান। পোস্টে তিনি নিজের ও কয়েকজন সঙ্গীর ছবিও যুক্ত করেন।
নবীন তার পোস্টে লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’ এর আগে একইদিন বিকেলে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করেও তিনি দেশ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে এনামুল হাসান নবীন অভিযোগ করেন, তাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, কিন্তু একটি শক্তিশালী সিন্ডিকেট তাদের বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, সিন্ডিকেট তাদের ৪,৫০০ টাকার নিচে পাঞ্জাবি এবং ১,৫০০ টাকার নিচে পাজামা বিক্রি করতে নিষেধ করেছে, অথচ তাদের নিজস্ব উৎপাদিত পাঞ্জাবি-পাজামা ৩০০ টাকায় বিক্রি করা সম্ভব। নবীন জানান, এই সিন্ডিকেট সবসময় বাজার নিয়ন্ত্রণ করে আসছে এবং কম দামে পণ্য বিক্রির ভিডিও ডিলিট না করলে সব শোরুম বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, তার প্রতিষ্ঠানের লাভ গরিব, দুঃখী, অসহায়দের মাঝে বিতরণ করা হয় এবং তারা সবসময় লোকচক্ষুর আড়ালেই কাজ করেছেন। নিজের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত নবীন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর মতো গুলিতে নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ২০ মার্চ ঈদুল ফিতরের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মগবাজারে নবীন ফ্যাশনের দোকানটি কম দামে পাঞ্জাবি বিক্রি করার ‘অপরাধে’ আশপাশের ব্যবসায়ীরা, বিশেষ করে ‘প্রিন্স’ এর মালিক মাইকেল ও তার সিন্ডিকেট পুলিশসহ দোকানটি বন্ধ করে দেয় এবং গ্রাহকদের হেনস্তা করে। এই ঘটনা দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।





