চট্টগ্রাম বিভাগ

ধাক্কা সামলে স্বস্তি! বিপুল জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে বিশাল জাহাজ, যা বলছে বিপিসি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও তার জের ধরে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মাঝে স্বস্তির খবর নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ২৭ হাজার ৩০০ টন ডিজেল ভর্তি একটি জাহাজ। ‘এমটি ইউয়ান জিং হে’ নামের এই জাহাজটি সিঙ্গাপুর থেকে এসে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বন্দরের ডলফিন জেটিতে নোঙর করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি নবম ডিজেলবাহী জাহাজ যা চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ল। এই ধারাবাহিক আমদানির মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্দরে উপস্থিত হয়েছিলেন। একই সময়ে বন্দরের বহির্নোঙরে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি বড় জাহাজ অবস্থান করছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি এবং তার প্রভাবে সৃষ্ট অস্থিরতার মাঝে জ্বালানি সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, সেজন্য পাইপলাইনে থাকা মজুতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ জোরদার করা হয়েছে। গত কয়েক দিন ধরেই ধারাবাহিকভাবে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজ ভিড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ঝুঁকি তৈরি হলেও সরকার বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলে বিপিসি সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button