চট্টগ্রাম বিভাগ
কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম: এলাকায় চাঞ্চল্য!

রাঙামাটির কাপ্তাইয়ে এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত মো. মামুন উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান, সিনেমা হল এলাকায় সংঘটিত এই অতর্কিত হামলায় মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।





