তেলের অস্বাভাবিক সংকট: ফিলিং স্টেশনে অভিযান, পকেট খালি মালিকদের!

কক্সবাজারের উখিয়ায় জ্বালানি তেল মজুত করে ‘তেল নেই’ লিখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বিপুল পরিমাণ তেল মজুত রাখার দায়ে এবং নানা অনিয়মে চারটি মামলায় এসব ফিলিং স্টেশনকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। অভিযানে পেট্রোল পাম্পগুলোতে তেল কম দেওয়া, তথ্য গোপন করে তেল মজুত করা এবং মিটার রিডিংয়ে ত্রুটির মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।
কুতুপালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন লিমিটেডকে প্রতি ১০ লিটারে প্রায় ৩০০ মিলিলিটার জ্বালানি কম দেওয়ার প্রমাণ মেলায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পালংখালী এলাকার “ইউসুফ অ্যান্ড ব্রাদার্স” ফিলিং স্টেশনকে তথ্য গোপন করে অতিরিক্ত ৫ হাজার লিটার ডিজেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মরিচ্যা এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন লিমিটেডকে অতিরিক্ত জ্বালানি মজুত এবং মিটার রিডিংয়ে ত্রুটির অভিযোগে দুটি পৃথক মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন জানিয়েছে, এমন অভিযান অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট সৃষ্টি, তেল মজুত করে ‘তেল নেই’ প্রদর্শন এবং মাপে কম দেওয়ার মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।





