চট্টগ্রাম বিভাগ

গভীর রাতে ধামুরা বন্দরে ভয়াবহ আগুন: কোটি টাকার দোকান পুড়ে ছাই!

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বন্দরের পূর্ব পাড় এলাকায় আগুন লেগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। জাকিরের সেনেটারি দোকান, মশিউরের পোল্ট্রি ফিডের দোকান, পরিমলের ফার্নিচারের দোকান, বাদলের স্টিলের দোকান, সুমনের বোট ও ফার্নিচারের দোকান এবং কবির হাওলাদারের স্টিল ও টাইলসের দুটি দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ টাকা ও লক্ষ লক্ষ টাকার পণ্য পুড়ে গেছে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button