চট্টগ্রাম বিভাগ

গোমতীর বুকে পলো উৎসব: ৮৫ বছরের সর্দারের রেকর্ড গড়া মাছ ধরা!

কুমিল্লার গোমতী নদীর তীরে সোমবার এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। ঐতিহ্যবাহী পলো উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন শত শত জেলে ও স্থানীয় মানুষ। কিশোর থেকে বৃদ্ধ—সকলেই মেতে ওঠেন এই উৎসবে। চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও সদর উপজেলা থেকে প্রায় তিন শতাধিক নবীন-প্রবীণ মাছ শিকারি অংশগ্রহণ করেন। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে দলবেঁধে মাছ ধরার এই জমজমাট আয়োজন।

বিশেষ আকর্ষণ ছিলেন ৮৫ বছর বয়সি প্রবীণ জেলে আবু হানিফ, যিনি মাছ ধরা দলের সর্দার হিসেবে পরিচিত। প্রায় ৫৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আবু হানিফ প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল হলুদ কার্ফ মাছ পলো দিয়ে শিকার করে তাক লাগিয়ে দেন। এ বিষয়ে তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি পলো দিয়ে মাছ ধরে আসছেন এবং তার ৩০ কেজি ওজনের বোয়াল মাছ ধরারও অভিজ্ঞতা রয়েছে।

উৎসবে যোগ দেন ওমান প্রবাসী সোহাগ রানা, যিনি ছুটিতে এসে মাত্র ১০ মিনিটের মধ্যেই ৫ কেজি ওজনের একটি কার্ফ মাছ শিকার করেন। তিনি জানান, এমন আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এছাড়া লালমাই বাগমারা থেকে আসা আতিকুল ইসলাম ৮ কেজি ওজনের পাঙ্গাশ মাছ শিকার করেন। প্রতি বছর চৈত্র মাসে এই বিশেষ মাছ ধরার আয়োজন করা হয়, যা গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button