রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো ৭ মিয়ানমার নাগরিকের সঙ্গে যা হলো!

বান্দরবানের লামা উপজেলায় প্রশাসনের নজর এড়িয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি বাজারে তাদের ঘোরাঘুরি করার সময় সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।
আটককৃতদের নাম মাহমুদ করিম (৪৪), উসমান গণি (২৫), আনাস (২৪), হারাস (২০), মাহমুদ নূর (২৬), ছৈয়দ হোছন (৫০) এবং শফিক (৫৫)। তারা সবাই কক্সবাজারের উখিয়ার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টার দিকে ডলুছড়ি বাজারে ওই ৭ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নজরে আসে। তারা সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করলে পুলিশ এসে তাদের আটক করে।
লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





