হঠাৎ যা ঘটল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে! লালগালিচায় মুড়ে গেল দেশের লাইফলাইন

দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বর্তমানে রক্তরাঙা পলাশে সেজে উঠেছে। বসন্তের আগমনে প্রকৃতিতে পলাশ ফুলের এ মনোরম দৃশ্য এখন চার লেনের এই মহাসড়কের শোভা বাড়িয়ে তুলেছে। মহাসড়কের ডিভাইডারে থাকা পলাশ গাছের ফুল হালকা বাতাসে রাস্তায় ঝরে পড়ে এক লালগালিচার সৃষ্টি করেছে।
কুমিল্লা জেলায় প্রায় ১০৪ কিলোমিটার এলাকা জুড়ে এই নয়নাভিরাম দৃশ্য দেখা যাচ্ছে। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে গাছে গাছে থোকায় থোকায় ফুটে থাকা পলাশ ফুল গত সপ্তাহের বৃষ্টিতে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। বাতাসে ভেসে আসছে মিষ্টি সুবাস। যানবাহনের জানালা দিয়ে বাইরে তাকালেই যেকোনো মানুষের মনে প্রশান্তি এনে দিচ্ছে এই দৃশ্য।
গতকাল রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা, বুড়িচং, দাউদকান্দি এবং চৌদ্দগ্রাম এলাকায় দেখা গেছে, অনেকেই গাড়ি থামিয়ে পলাশ ফুলের ছবি তুলছেন এবং ভিডিও ধারণ করছেন। নিজ এলাকার এমন সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকেও মোটরসাইকেল নিয়ে অনেকে আসছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই সৌন্দর্য শুধু প্রকৃতিপ্রেমী ও ভ্রমণকারীদেরই মুগ্ধ করছে না, বরং স্থানীয়দেরও আনন্দিত করছে। অনেকেই এটিকে রাস্তার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনারোধে সহায়ক বলে মনে করছেন।





