চট্টগ্রাম বিভাগ

হত্যার ১০০ দিন পর যা ঘটল! বিচার দাবিতে উত্তাল জনতা

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ১০০ দিন পূর্তিতে দ্রুত বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে ঝালকাঠি ইনসাফ মঞ্চ। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের দীর্ঘ ১০০ দিনেও বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেন। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ঝালকাঠি ইনসাফ মঞ্চের আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ বলেন, “বিচারহীনতার ১০০তম দিন পার হলেও এখনো প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হয়নি। অন্তর্বর্তী সরকার ৯০ দিনের মধ্যে বিচার সম্পাদনের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কারা অর্থদাতা এবং মূল হোতা—সবকিছু এখনো ধোঁয়াশায় রয়েছে। দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং শহীদ হাদির জন্য প্রকৃত ইনসাফ নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং এরপর থেকে সারাদেশে বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button