রাঙামাটিতে হঠাৎ সেনাবাহিনী! জ্বালানি তেলের লাইনে যা ঘটল…

দেশে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় এবার দেশের বিভিন্ন স্থানে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। এরই অংশ হিসেবে রাঙামাটি জেলার মহসিন পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
শনিবার সকাল থেকেই তেল পাওয়ার আশায় শত শত ক্রেতা ভিড় জমায় পেট্রোল পাম্পে। ক্রেতাদের এই বিপুল ভিড় সামলাতে পুলিশ হিমশিম খেতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদরের নির্দেশনায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে ভিড় নিয়ন্ত্রণে আনে এবং তেলের সরবরাহ স্বাভাবিক করে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল ও তেলের বোতল হাতে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদর জানান, জেলা প্রশাসক নাজমা আশরাফীর নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি পেট্রোল পাম্পে সেনাবাহিনী মোতায়েন থাকবে। কেউ যেন তেল মজুদ বা কালো বাজারে বিক্রি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে প্রশাসন সবসময় সজাগ থাকবে।





