নাফ নদীতে কী ঘটল? হঠাৎ ১৩ জেলেসহ নৌকার সন্ধান নেই!

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৩ বাংলাদেশি জেলে। শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তিনটি নৌকাসহ তাদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। শনিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান জানান, জেলেদের এভাবে ধরে নিয়ে যাওয়ার কারণে নাফ নদী ও সাগরে মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, “প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকার মালিকদের দুর্দিন নেমে আসবে।”
শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানিয়েছেন, ভোর ৪টার দিকে মাছ ধরতে যাওয়া কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা সকাল ৭টার দিকে স্পিডবোটে আসা আরাকান আর্মি অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। এই ঘটনার পর জেলে ও নৌকার মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বিষয়টি জেনেছেন এবং জেলেদের ফেরত আনতে বিজিবি ও কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
বিজিবি ও স্থানীয় জেলে সূত্র বলছে, বিগত দেড় বছরে চার শতাধিক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এদের মধ্যে অধিকাংশই ফেরত এলেও এখনো ৩২টি ট্রলার ও ১৭২ জন জেলে রাখাইন রাজ্যে আটক রয়েছেন।





