ইরানি হামলায় চিরতরে নিভে গেল প্রবাসী সালেহ’র জীবন…

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনার মাঝে বড় ধাক্কা খেল প্রবাসী বাংলাদেশি পরিবার। ইরানি বাহিনীর পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই বাংলাদেশির নাম সালেহ আহমেদ (৪৫), যার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকায়।
নিহত সালেহ আহমেদের স্বজনরা জানান, দীর্ঘ দিন ধরে তিনি আরব আমিরাতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় ইফতার শেষ করে জীবিকার তাগিদে জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের জন্য বের হয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হঠাতই আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায় এবং মুহূর্তের মধ্যে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের সেই ভয়াবহতায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন সালেহ। পরে হাসপাতালে নেওয়া হলে রোববার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
সালেহ আহমেদ ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দেশে তার বৃদ্ধা মা, স্ত্রী এবং চার সন্তান (তিন ছেলে ও এক মেয়ে) রয়েছে। বাবার মৃত্যুর খবরে পুরো পরিবারে এখন অন্ধকার নেমে এসেছে। শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখতে সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তার শোকাতুর স্বজনরা।
স্থানীয় প্রশাসন ও পুলিশ এই মৃত্যুর খবর নিশ্চিত করলেও সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে





