উপবৃত্তির টোপ দিয়ে ছাত্রীর সর্বনাশ! মাদরাসা শিক্ষকের সেই ভিডিও নিয়ে তোলপাড়…

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাদশ শ্রেণির এক ছাত্রীকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে বারবার নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী চার মাস আগে স্থানীয় একটি মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই ওই শিক্ষক পরিবারের খোঁজখবর নেওয়ার অজুহাতে ছাত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন তিনি।
অভিযোগ উঠেছে, গত বছরের ১৮ ডিসেম্বর সকালে উপবৃত্তি ফরমে স্বাক্ষরের কথা বলে ওই ছাত্রীকে নিজের বাসায় ডেকে নেন ওই শিক্ষক। বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন এবং কৌশলে সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ৪ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে আবারও ধর্ষণ করা হয়।
একপর্যায়ে নিরুপায় হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শিক্ষকের এমন অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
