মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের প্রবাদে বিপর্যস্ত হয়ে পড়েছে আকাশপথ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। উমরাহ পালন শেষে আজই তার দেশে ফেরার কথা ছিল, তবে যুদ্ধের ভয়াবহতায় মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে তাকে।
পবিত্র উমরাহ হজ পালন করতে সম্প্রতি সৌদি আরব গিয়েছিলেন মুশফিক। আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল তার। কিন্তু আকাশপথে যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের বহনকারী ফ্লাইটটি মাঝপথ থেকে আবারও জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে হাজার হাজার সাধারণ যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে চরম অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন এই তারকা ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেছেন মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, কয়েক সপ্তাহের চরম উত্তেজনার পর আজ সকালে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই যুদ্ধের প্রভাবে গোটা মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ প্রবাসী ও যাত্রীদের ওপর। মুশফিকসহ আটকা পড়া অন্য যাত্রীরা কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা মেলেনি।





