বায়তুল মোকাররমে কাটা অঙ্গ উদ্ধার: মিললো পরিচয়, রহস্য ঘনীভূত

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি বিচ্ছিন্ন হাত এবং স্কাউট ভবনের সামনে থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ও শনিবার সকালে উদ্ধার হওয়া এসব দেহাংশ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দেহাংশগুলোর মালিককে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
পল্টন থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে একটি বিচ্ছিন্ন পা এবং শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তা থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, এই দেহাংশগুলো নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে। দেহের বাকি অংশ কোথায়, কীভাবে এই ঘটনা ঘটলো এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য এখনো মেলেনি। উদ্ধারকৃত দেহাংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ওবায়দুল্লাহর দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং পুরো ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।





