হরমুজ নিয়ে কালাসের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলল ইরান, তোপের মুখে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সাম্প্রতিক বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে আখ্যায়িত করেছে অস্ট্রিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিয়ে কালাসের অবস্থানের তীব্র সমালোচনা করে তেহরান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে আলোচনার সময় কালাস হরমুজ প্রণালীতে টোলমুক্ত নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের ওপর জোর দেন এবং ইরানের হামলায় গুরুত্বপূর্ণ জলপথে চলাচল স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেন। এর প্রতিক্রিয়ায়, ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্টে কালাসের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে অভিহিত করে। তারা অভিযোগ করে, ইইউ নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক হামলাকে উপেক্ষা করে ইরানের সম্পূর্ণ আত্মরক্ষামূলক পদক্ষেপের সমালোচনা করছেন। দূতাবাস আরও জানায়, কালাস ইরানকে জাতিসংঘের সমুদ্র আইন (ইউএনসিএলওএস) মেনে চলার আহ্বান জানালেও, ইরান এই চুক্তির সদস্য নয়—এই বিষয়টি তিনি উপেক্ষা করেছেন। এ বিষয়ে দূতাবাস প্রশ্ন তোলে, ‘তার আশেপাশে কেমন উপদেষ্টা আছেন? একদল মেরুদণ্ডহীন ‘হ্যাঁ-মানুষ’, যারা ট্রাম্পের চারপাশের তোষামোদকারীদের মতোই।’ ইরান আরও দাবি করে যে তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে চললেও তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।





