জাতীয়

হামের প্রকোপ চরমে! ২০ জেলায় ৩০ স্থানে বিশেষ টিকাদান, যা জানলে চমকে যাবেন

দেশজুড়ে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকার ২০টি জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে। এসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে, পবিত্র ঈদুল আজহার আগেই এই কার্যক্রম সম্পন্ন করা।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল শিশুকে হামের হাত থেকে সুরক্ষা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় টিকাদান শুরু হবে এবং পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে। এবার ২০২৬ সালের ২১ মে, অর্থাৎ পবিত্র ঈদুল আজহার আগেই এই গুরুত্বপূর্ণ টিকাদান সম্পন্ন করার লক্ষ্যমাত্রা সামনে রাখা হয়েছে।

হামের হটস্পট হিসেবে ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে বরগুনা জেলার পৌরসভা ও সদর, পাবনা জেলার পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া উপজেলা, চাঁদপুরের পৌরসভা, সদর ও হাইমচর। এছাড়াও কক্সবাজার জেলার মহেশখালী ও রামু উপজেলা, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভা, সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা।

অন্যান্য হটস্পটগুলোর মধ্যে রয়েছে নেত্রকোণা জেলার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা; রাজশাহীর গোদাগাড়ী; বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা; নওগাঁর পোরশা; যশোরের পৌরসভা ও সদর; নাটোর জেলার পৌরসভা ও সদর; মুন্সীগঞ্জ জেলার পৌরসভা, সদর, লৌহজং ও শ্রীনগর উপজেলা; মাদারীপুর জেলার পৌরসভা ও সদর; ঢাকার নবাবগঞ্জ; ঝালকাঠির নলছিটি; এবং শরীয়তপুরের জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যেসব শিশুর জ্বর আছে বা অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button