সীমান্তে বিজিবি’র কড়া পাহারা! বিপুল পরিমাণ জ্বালানি তেল পাচার রুখতে যা করছে তারা

জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাটের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নজরদারি ও অভিযান জোরদার করেছে। বিশেষ করে হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এবং লালমনিরহাট ১৫ (বিজিবি) এই বিষয়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।
সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি, সীমান্ত লাগোয়া ফিলিং স্টেশন এবং ডিলারদের জ্বালানি তেল উত্তোলন ও বিক্রির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, সন্দেহভাজন যানবাহনে হঠাৎ তল্লাশি, নিয়মিত মোবাইল টহল বাড়ানো এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুটে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তেল পাচারের সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
এই অবৈধ কর্মকাণ্ডের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণকে নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে। সাধারণ মানুষকে এসব অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উৎসাহিত করা হচ্ছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ।” তিনি আরও জানান, জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।





