পেঁয়াজের মাচা ধসে যা ঘটল… মুহূর্তে শেষ হলো মাদ্রাসাছাত্রীর জীবন!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের সময় মাচা ধসে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বনগ্রাম চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জান্নাতি (১৪) স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী ছিল।
পরিবারের সদস্যরা জানান, জান্নাতি তার বড়ো বোনকে সঙ্গে নিয়ে বাড়ির গোয়ালঘরে পেঁয়াজ তুলছিল। হঠাৎ করে পেঁয়াজের মাচা ও গোয়ালঘরের একাংশ ভেঙে পড়ে। বড়ো বোন দ্রুত সরে যেতে পারলেও, জান্নাতি মাচার নিচে চাপা পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জান্নাতির দাফন সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





