ভাঙ্গা সদরে কি হচ্ছে? রণক্ষেত্র মুনসুরাবাদ, গ্রামবাসী অস্ত্র হাতে!

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় মুনসুরাবাদ বাজার দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার সকাল থেকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শত শত গ্রামবাসী একে অপরের ওপর হামলা চালায়। এই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত শওকত আলীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে। এর জেরে মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করা হয়। সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও দর্শকের ভূমিকা পালন করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিবদমান গ্রামগুলোর বাসিন্দারা মুনসুরাবাদ বাজারে মুখোমুখি অবস্থানে রয়েছেন।





