আইসক্রিম কিনতে গিয়ে লাশ হলো শিশু! ঝিনাইদহে যা ঘটল রাতে

ঝিনাইদহে আইসক্রিম কিনতে গিয়ে উল্টো জীবন কেড়ে নিল এক শিশু। শুক্রবার (৫ মার্চ) রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস রোড সংলগ্ন সড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছোট ভাই আবিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরিফুল ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে। ঘটনার দিন রাতে ছোট ভাই আবিদুলকে নিয়ে সে সড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায়। আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার বেপরোয়াভাবে এসে আরিফুলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় আবিদুলকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত করার জন্য পুলিশ চেষ্টা করছে। এই নৃশংস ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।





