আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের চাঞ্চল্যকর চার্জশিট! যা ফাঁস হলো

ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতি মামলায় এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার ঝিনাইদহের সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। দুদকের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান দীর্ঘ তদন্ত শেষে এই চার্জশিট আদালতে জমা দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন—পৌরসভার সাবেক সচিব আজমল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান এবং হিসাবরক্ষক মখলেছুর রহমান। চার্জশিটে বলা হয়েছে, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের বিল পরিশোধের নামে জালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের একাধিক হিসাব থেকে ৩৭টি কাজের বিপরীতে প্রকৃত অর্থের চেয়ে অনেক বেশি টাকা উত্তোলন করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া বিল ভাউচার তৈরি করে চেকের অঙ্কে কারসাজি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে দেখা গেছে, একটি হিসাব থেকে প্রকৃত টাকার চেয়ে প্রায় ৩০ লাখ টাকা অতিরিক্ত উত্তোলন করা হয়েছে। বিভিন্ন সময়ে হাজার টাকার বিল দেখিয়ে লাখ টাকার বেশি উত্তোলনেরও প্রমাণ মিলেছে।
চার্জশিট দাখিলের পর আসামিরা আদালত থেকে জামিন চাইতে পারেন, তবে তারা জামিন পেয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এর আগেও দুদক আরও তিনটি মামলায় চার্জশিট দাখিল করেছে।





