প্রেমিকের গলা কেটে হত্যা, বাড়িতে মিলল এই ৩ জন! চাঞ্চল্য এলাকায়

নীলফামারীতে পরকীয়ার জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জেলার সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মতিউল ইসলাম (৪৫) একই এলাকার হামিদ হোসেনের ছেলে। তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মতিউল ইসলাম একই এলাকার একরামুল হকের স্ত্রী সাহের বানুকে নিয়ে পালিয়ে যান। স্থানীয়ভাবে মীমাংসা হলেও বিষয়টি পুরোপুরি মেটেনি। এই ঘটনার জেরে দীর্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে সাহের বানুর ছেলে আলামিন ইসলাম (২৩) এর সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলামিন ধারালো কাস্তে দিয়ে মতিউল ইসলামের গলায় আঘাত করে। গুরুতর অবস্থায় মতিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত আলামিন ইসলামকে ধরতে অভিযান শুরু করে। তবে, আলামিন পলাতক রয়েছে। অন্যদিকে, ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা সাহের বানু এবং ছোট ভাই আপন ইসলাম (১৬) কে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন, ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





