হাওরের সর্বনাশ! বৃষ্টিতে ফসল ডোবার আশঙ্কায় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

সুনামগঞ্জসহ দেশের হাওর অঞ্চলের কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (১৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক খোলা চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে হাওর পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তিনি চিঠিতে উল্লেখ করেন, হাওরের মানুষদের জীবন-জীবিকা মূলত একটি ফসলের উপর নির্ভরশীল, যা বর্তমানে জলাবদ্ধতার কারণে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। এই সংকট নিরসনের জন্য তিনি সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কষ্ট করে হেলিকপ্টারে একবার হাওর ঘুরে আসতে পারেন।” প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনীকে কাজে লাগিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশও করেন তিনি।
এছাড়াও, তিনি খাল খনন কর্মসূচি সম্প্রসারণ এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট ক্ষতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।





