ঢাকা বিভাগ

হামে কেড়ে নিল শিশুপ্রাণ! টাঙ্গাইলে এক মাসে ২ শিশুর মৃত্যু, তোলপাড়

টাঙ্গাইল সদর উপজেলায় হামের প্রকোপ বেড়েই চলেছে। সর্বশেষ ১৩ মাসের শিশুকন্যা সাফা হামে আক্রান্ত হয়ে মারা গেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে এই ঘটনা ঘটে। মৃত সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা গ্রামের ১৩ মাসের আরেক শিশু সায়ফাল হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত এক মাসে মারা গেল দুই শিশু।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়া, আক্রান্তদের অন্যদের থেকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডটি হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button