কারওয়ান বাজারে চাঁদাবাজদের তাণ্ডব! ব্যবসায়ীদের রক্তে ভিজল মাটি, এলাকায় তীব্র আতঙ্ক!

রাজধানীর কারওয়ান বাজারে একদল সশস্ত্র চাঁদাবাজ ব্যবসায়ীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিটি কর্পোরেশন মার্কেটের কাছে এই ঘটনা ঘটে। চাঁদার দাবিতে তাণ্ডব চালায় স্থানীয় বিএনপি নেতা পাতা সুমনের নেতৃত্বে একদল ক্যাডার। এতে অন্তত ৫ জন ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলায় ব্যবসায়ীদের মাথা ফেটে যায় এবং শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে। গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত গাজর ব্যবসায়ী কবির আহমেদ জানান, সম্প্রতি পাতা সুমন ও তার অনুসারীরা ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের ব্যবসা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসের ভিত্তিতে ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এই পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, চাঁদাবাজির কোনো সুযোগ নেই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





