ইতালির ফুটবল প্রধানের বিশ্ব কাঁপানো পদত্যাগ! কেন নিলেন এই সিদ্ধান্ত?

টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা। ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর তার সময়েই ইতালি ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। মঙ্গলবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের আসরে অংশগ্রহণ থেকে বাদ পড়ে।
এই হারের পর ইতালির ফুটবল কর্তারা তীব্র চাপের মুখে পড়েন। রোমে এফআইজিসি ভবনের সামনে বিক্ষুব্ধ সমর্থকরা ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি ফেডারেশনের শীর্ষ পর্যায় থেকে সংস্কারের দাবি জানিয়ে গ্রাভিনার পদত্যাগ দাবি করেন। শুরুতে পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
আগামী ২২ জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন ইতালির স্টেডিয়ামগুলোর দুরবস্থার সমালোচনা করে বলেছেন, সেগুলো উন্নত না করলে ২০৩২ ইউরো আয়োজনের সুযোগ হারাতে পারে ইতালি। তিনি মনে করেন, ইতালিয়ান ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হলো ‘ফুটবল কর্তৃপক্ষ এবং রাজনীতির মধ্যকার সম্পর্ক’।





