চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হলো দুই কিশোরকে! যা ঘটল রাতে…

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর ও জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তাদের মারধর করার পর চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই কিশোর হলো—জম্মুন (১৬) ও তৌফিক (১৫)। তারা দিনমজুরির কাজের সন্ধানে ঢাকায় এসেছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।
আহত কিশোর তৌফিকের বরাত দিয়ে হাসপাতাল সূত্রে আরও জানা যায়, তারা কাজের সন্ধানে নরসিংদী রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ছাদে করে ঢাকায় আসছিল। তেজগাঁও এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। এরপর তাদের মারধর করে কাছে থাকা প্রায় ৫-৭শ টাকা ও দুটি মোবাইল ফোন কেড়ে নেয়। সবশেষে, ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই কিশোরকে হাসপাতালে আনা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।





