কুতুবদিয়ায় যা ঘটল রাতে! পাচারকালে বিপুল সিমেন্টসহ ধরা পড়ল ট্রলার

দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষা এবং নৌ চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশ নৌবাহিনী সবসময় সচেষ্ট। এরই ধারাবাহিকতায় এক বিশেষ অভিযানে কুতুবদিয়ার লেমশীখালী এলাকার অদূরে ভোলা খালে বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ট্রলার জব্দ করেছে নৌবাহিনী। এই ঘটনায় মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের একটি বড় চক্রের পরিকল্পনা ভেস্তে গেছে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনী সদস্যরা লেমশীখালী এলাকায় পাচারের প্রস্তুতির খবর পায়। তাৎক্ষণিক তারা ভোলা খালের মোড়ে নজরদারি বাড়ায়। ভোর রাতের দিকে একটি সন্দেহজনক ট্রলার দেখতে পেয়ে নৌবাহিনী সদস্যরা তল্লাশি চালায়। ট্রলারে কোনো মাঝি-মাল্লা না থাকায় তাদের সন্দেহ হয়। তল্লাশি করে আনুমানিক ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৯৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়।
এই ঘটনায় জড়িত চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে অধিক দামে সিমেন্ট পাচার করে আসছিল। জব্দকৃত ট্রলার ও সিমেন্ট কুতুবদিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





