চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি ধরা পড়ল: যা ঘটল যাত্রাবাড়ীতে

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর এক হত্যা মামলার মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ রাজুকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারী তার স্বামীর সঙ্গে যাত্রাবাড়ীর দক্ষিণ সায়েদাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল্লাহ রাজুর সাথে নিহত নারীর পূর্ব পরিচয় ছিল এবং সেই সূত্রে তিনি প্রায়ই নিহতের বাসায় যাতায়াত করতেন। তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়েও বিরোধ ছিল। ঘটনার দিন (৩০ মার্চ) বিকেলে আসামি নিহতের বাসায় গিয়ে ছাদের উপর টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নিহত নারীর শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে নিহতের শাশুড়ি তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে। ঘটনার সময় আসামির ফেলে যাওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।





