জাতীয়

চোরাকারবারির গোপন ছক ফাঁস! ৬ কোটি টাকার ডায়মন্ড ও বিদেশি মুদ্রা সহ ভারতীয় নাগরিক আটক

সীমান্তে এক বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় বিজিবি যশোর ব্যাটালিয়ন-৪৯ এই অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তির নাম সুজাউদ্দিন (৫২), তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুজাউদ্দিন ঢাকার চোরাকারবারিদের কাছ থেকে এই বিপুল পরিমাণ ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। তার পরিকল্পনা ছিল কলকাতায় একটি নির্দিষ্ট ব্যক্তির কাছে এই চোরাই হীরাগুলো পৌঁছে দেওয়া। উদ্ধারকৃত ডায়মন্ডের মোট ওজন ১৫৫ দশমিক ৭৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৬১ লাখ টাকার বেশি। প্রাথমিক পরীক্ষায় এগুলো আসল হীরা বলেই নিশ্চিত হওয়া গেছে।

আটককৃত সুজাউদ্দিন গত এক মাসে বিভিন্ন দেশে যাতায়াত করেছেন বলেও তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে ৫ হাজার ৫৩০ বাংলাদেশি টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ঘড়িও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

এই ঘটনায় আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবির মহাপরিচালকের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী চোরাচালান রোধে এই অভিযান একটি বড় সাফল্য বলে মনে করছেন সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button