পাগলা কুকুরের তাণ্ডবে অর্ধশত আহত! হাসপাতালে উপচেপড়া ভিড়, নেই ভ্যাকসিন!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক পাগলা কুকুরের কামড়ে অন্তত অর্ধশত নারী-পুরুষ রক্তাক্ত জখম হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন চিকিৎসার জন্য এসেছেন, এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অধিকাংশ আহতের আক্রান্ত স্থান থেকে রক্ত ঝরছে। কেউ সাবান-পানি দিয়ে স্থানটি ধুয়ে নিচ্ছেন, কেউ জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ পরিস্থিতিতে হাসপাতালে আহত ও তাদের স্বজনদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, সন্ধ্যার পর মাত্র এক ঘণ্টায় ৩০ জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিলেও, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, হাসপাতালে কুকুরের কামড়ের জন্য যে ভ্যাকসিন ছিল তা শেষ হয়ে গেছে, ফলে অনেককেই বাইরে থেকে কিনে টিকা নিতে হচ্ছে। একসঙ্গে এত রোগী আসার ঘটনা এটিই প্রথম।
খবর শুনে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস ও থানার ওসি এসএম আরিফুর রহমান হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। ইউএনও রূপম দাস জানান, পাগলা কুকুর দমনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





