খেলা

বিসিবিতে থামছেই না পদত্যাগ! আরও কত পরিচালক যাচ্ছেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে দেখা দিয়েছে চরম অস্থিরতা। ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এই তিন পরিচালকের পদত্যাগের ফলে বিসিবি পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে, যা পূর্বে ছিল ২৫।

বিসিবি নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে পরিচালক হয়েছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনি বিসিবির লজিস্টিক ও প্রোটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন। হঠাৎ এই পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি একে ‘সম্পূর্ণ ব্যক্তিগত’ বলে উল্লেখ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচালকের মতে, বিসিবির বর্তমান পরিস্থিতিতে অনেকেই আস্থা হারিয়ে ফেলছেন, যা পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখছে। সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কিছু সিদ্ধান্তে পরিচালনা পরিষদে অস্থিরতা তৈরি হয়েছে। অনেক পরিচালক সরাসরি এসব সিদ্ধান্তের সমালোচনাও করেছেন, যা বোর্ডের অভ্যন্তরীণ বিভেদকে স্পষ্ট করে তুলেছে। এমন পরিস্থিতিতে অনেকে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদে না থাকাকেই শ্রেয় মনে করছেন।

তারা আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই বিভেদের জেরে আরও অনেক পরিচালক ভবিষ্যতে পদত্যাগ করতে পারেন। তবে পদত্যাগকারীদের তালিকায় কারা রয়েছেন, সে বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নন। সভাপতির একক সিদ্ধান্ত গ্রহণ এবং অনেক পরিচালকের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াও এই অস্থিরতার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button