মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান অস্ট্রিয়ার! আকাশসীমা নিয়ে বড় সিদ্ধান্ত

ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল। তবে অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, তারা এই অনুরোধ রাখতে পারবে না। দেশটির নিরপেক্ষতার নীতি বজায় রাখার জন্য এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরএফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন একাধিকবার এই অনুরোধ করলেও, অস্ট্রিয়া তা প্রত্যাখ্যান করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিটি অনুরোধ আলাদাভাবে খতিয়ে দেখা হবে এবং এই বিষয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও আলোচনা করবে।
অস্ট্রিয়া দীর্ঘ সময় ধরে সামরিক নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে। তবে তারা যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের জন্য আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করেনি; বরং প্রতিটি অনুরোধ আলাদাভাবে বিবেচনা করা হবে। এদিকে, যুদ্ধবিরোধী অবস্থানের জন্য পরিচিত স্পেন ইতোমধ্যে তাদের আকাশসীমা মার্কিন সামরিক বিমানের জন্য বন্ধ রেখেছে। সম্প্রতি ইতালিও সিসিলিতে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেয়নি।





