সংসদে তোলপাড়! স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদলীয় নেতার চাঞ্চল্যকর অভিযোগ, যা ঘটল রাতে!

জাতীয় সংসদে তুমুল উত্তেজনার মধ্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে ৭১ বিধিতে (পয়েন্ট অফ অর্ডার) দাঁড়িয়ে তিনি এই অভিযোগ করেন। বিরোধীদলীয় নেতার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে পরিবেশন করতে অত্যন্ত পারদর্শী।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের ব্যবহৃত ‘মিথ্যা’ শব্দটিকে অসংসদীয় অভিহিত করে কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবারের সংসদ অধিবেশনে দুই নেতার মধ্যে এ নিয়ে পাল্টাপাল্টি বাক্যবিনিময় হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “আল্লাহ তা’আলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতল পরিবর্তন করে মেটেরিয়াল ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন।”
তবে স্পিকার জানান, বিষয়টি গতকালের এবং নতুন করে তোলার প্রয়োজন নেই। স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা যুক্তি দিয়ে বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দটি ব্যবহার করেছেন, যা অসংসদীয়। তিনি এটি এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গতকাল তিনি বিরোধীদলীয় নেতার বক্তব্যকে অসত্য বলেছিলেন কারণ রুল ৬২ অনুসারে বিরোধীদলীয় নেতাদের ওয়াকআউট করার পর একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, যা আগে পঠিত বা উত্থাপিত হওয়া অসম্ভব।
জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, বিভ্রান্তিটা সেখানেই। একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন, যা গতকাল ভিন্ন নামে এসেছে। বিষয়বস্তু একই ছিল, শুধু নাম বদলে গেছে। আমি আগেরটি জানতাম বলেই বলেছি, এখানে কোনো ভুল তথ্য দেইনি।
এই ঘটনার পর সংসদে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম নিয়েছে।





