রাজধানীর পাশে এই কী ঘটল! বাবা-ছেলে একসঙ্গে গ্রেপ্তার, উদ্ধার হলো বিপুল পরিমাণ গুলি!

নারায়ণগঞ্জে এক মূর্তিমান আতঙ্কের অবশেষে অবসান। হত্যা, অপহরণ, মাদকসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ‘রাজ্জাক বাহিনী’র প্রধান রাজ্জাক (৫০) এবং তার ছেলে ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার ইসদাইর এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে অন্তত ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, রাজ্জাকের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি অপহরণ, দুটি মাদক এবং চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে, তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধেও একটি হত্যা, দুটি অপহরণ, একটি চাঁদাবাজিসহ সাতটি মামলা ঝুলছে। এই বাবা-পুত্র দীর্ঘ দিন ধরে অস্ত্রের মুখে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এবং মাদক ব্যবসার সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিল। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





