ফুটপাতে আর বসবে না দোকান! অবাক করা ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর ফুটপাত ও রাস্তায় আর কোনো দোকান বসতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা করা হবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের মুকুল ফৌজ মাঠে এক মতবিনিময়সভায় তিনি এই ঘোষণা দেন।
প্রশাসক বলেন, ‘ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না। তবে আমরা বিকল্প স্থানে তাদের ব্যবসার ব্যবস্থা করে দেব। এটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে।’ তিনি আরও জানান, পূর্বে যারা ফুটপাতের দোকান বসাতে সহযোগিতা করত, তারা এখন আর সেই সুযোগ পাবে না। সিটি কর্পোরেশন ব্যবসায়ীদের সমস্যাগুলো মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে এবং সমাধানের চেষ্টা করবে। তিনি বলেন, ‘আমরা চাইলে ফোর্স নিয়ে উচ্ছেদ করতে পারতাম, কিন্তু তা করিনি। আমরা চাই আমাদের এলাকার মানুষ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করুক।’
সভায় হকার ও ভাসমান ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের বক্তব্য তুলে ধরা হয়। তারা পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান, পর্যাপ্ত সময় এবং এমন জায়গা দাবি করেন যেখানে বাস্তবিকভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব। ব্যবসায়ীদের একটি অংশ জানায়, তারা বহু বছর ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। হঠাৎ উচ্ছেদ হলে তাদের পরিবার-পরিজন নিয়ে সংকটে পড়তে হবে।
প্রশাসক আশ্বাস দিয়েছেন যে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান বের করা হবে। এ বিষয়ে ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও, সিটি কর্পোরেশন থেকে ব্যবসায়ীদের একটি টোকেন দেওয়া হবে, যাতে কোনো চাঁদাবাজ তাদের কাছ থেকে চাঁদা দাবি করতে না পারে। টোকেন পাওয়ার পর কেউ চাঁদা চাইলে তাদের তা না দিতে এবং সিটি কর্পোরেশনকে জানাতে তিনি আহ্বান জানান।





