চাঁদে যাচ্ছে নভোচারীরা, তাদের মেন্যুতে কী কী চমক? জানলে অবাক হবেন!

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদের উদ্দেশে আবারো মানুষ নিয়ে যাত্রা শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ঐতিহাসিক আর্টেমিস-২ মিশন। এই মিশনে নভোচারীদের খাবারের তালিকায় রয়েছে ১৮৯ ধরনের খাবার ও ১০টিরও বেশি পানীয়। আমের সালাদ, স্পাইসি গ্রিন বিনস, ব্লুবেরি গ্রানোলা এবং টরটিয়ার মতো খাবার থাকছে তাদের মেন্যুতে। এছাড়া কফি, ম্যাঙ্গো-পিচ স্মুদি ও স্ট্রবেরি জুসসহ নানা ধরনের পানীয়ও থাকছে।
নাসা জানিয়েছে, খাদ্যতালিকা তৈরির সময় নভোচারীদের ব্যক্তিগত পছন্দ, পুষ্টিগুণ এবং মহাকাশযানের সীমাবদ্ধতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মাইক্রোগ্রাভিটি পরিবেশে সহজে খাওয়া যায় এবং কম বর্জ্য তৈরি হয় এমন খাবারই বেছে নেওয়া হয়েছে। মিশনে কোনো ফ্রিজ না থাকায় তাজা খাবার সংরক্ষণ সম্ভব নয়। তবে নভোচারীরা অনবোর্ড পানির ডিসপেনসার ব্যবহার করে শুকনো খাবার প্রস্তুত করতে পারবেন এবং খাবার গরম করার জন্য বিশেষ ফুড ওয়ারমারও থাকবে।
মোট প্রায় ১০ দিনের এই পরীক্ষামূলক মিশন শেষে চারজন নভোচারী পৃথিবীতে ফিরে আসবেন। এই মিশনের মাধ্যমে মহাকাশযানের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিবিড়ভাবে পরীক্ষা করা হবে এবং নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন।





