ছাত্রীর মামলায় হঠাৎ জামিন গায়ক অন্তুর! যা ঘটল আদালতে

ইডেন কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণীতে জানা যায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাসের সূত্রে জাহিদের সাথে পরিচয় হয় ওই ছাত্রীর এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তীতে সম্পর্ক ভেঙে গেলে এবং যোগাযোগ বন্ধ হয়ে গেলে, জাহিদের বাসায় একটি ফটোশুটের কথা বলে ২৭ মার্চ সন্ধ্যায় তাকে ডেকে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জাহিদের বাসায় যাওয়ার পর তিনি ইচ্ছার বিরুদ্ধে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন এবং বাধা দিলে মারধর করেন। এতে ওই ছাত্রী মুখ, গলা ও মাথায় আঘাত পান বলে অভিযোগ করেন। পরে কৌশলে বাসা থেকে বের হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর বুধবার রাতে তিনি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ।
জামিন শুনানিতে আসামি অন্তুর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন, অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত অন্তুর জামিন আদেশ দেন। এই ঘটনায় চারপাশের অনেকেই বেশ অবাক হয়েছেন।





