বঙ্গোপসাগরে মিলল বিরল ‘ট্যাং মাছ’! দাম জানলে চমকে যাবেন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একদল জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘ব্রাউন সার্জনফিশ’, যা স্থানীয়ভাবে ‘ট্যাং মাছ’ নামে পরিচিত। বুধবার (১ এপ্রিল) বিকেলে মহিপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য আনার পর মাছটি দেখতে উপচে পড়া ভিড় জমে। গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ করেই অপ্রত্যাশিত এই মাছটি জালে আটকা পড়ে।
মাছটির গায়ের রঙ ধূসর থেকে বাদামি এবং শরীর ডিম্বাকৃতির। সাধারণত ২০-৩০ সেন্টিমিটার লম্বা এই সার্জনফিশগুলো দলবদ্ধভাবে চলাচল করে এবং এদের লেজের গোড়ায় থাকা ধারালো কাঁটার কারণেই এমন নামকরণ। যদিও বাংলাদেশে এটি খাওয়ার চেয়ে অ্যাকোয়ারিয়ামের শো-পিস হিসেবে বেশি পরিচিত, বিশ্বজুড়ে এর কদর রয়েছে। ‘ব্লু ট্যাং’ প্রজাতির একেকটি মাছের দাম ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ওয়ার্ল্ডফিশ-এর সাবেক গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ব্রাউন সার্জনফিশ অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করতে পারে এবং আত্মরক্ষার জন্য লেজের ধারালো কাঁটা ব্যবহার করে। এরা প্রবালপ্রাচীর এলাকায় শৈবাল খেয়ে সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছ আমাদের উপকূলীয় অঞ্চলে খুব একটা দেখা যায় না, তবে এরা পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ। এটি ধরার সময় জেলেদের লেজের ধারালো কাঁটা সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।





