ঈদের পর যা ঘটল… ‘লাভ সিটার’-এর সাফল্যে তোলপাড়!

ঈদে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্মগুলোর মধ্যে ‘লাভ সিটার’ এখন দর্শকপ্রিয়তার শীর্ষে। মুক্তির পরপরই এটি বিনোদন জগতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাদিয়া আয়মান এবং জিয়াউল হক পলাশ।
অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ পরিচালিত ‘লাভ সিটার’ ছবিটি ঈদের পর ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শাহজাদা মামুনের গল্পে, একটি বিড়াল এবং দুই নিঃসঙ্গ মানুষের মধ্যকার মায়াবী সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই ওয়েব ফিল্মটি এবারের ঈদের অন্যতম আলোচিত কনটেন্ট। জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানের সাবলীল অভিনয় এবং পোষা প্রাণীর প্রতি মানবিক ভালোবাসার চিত্রায়ণ দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এর মৌলিক গল্প এবং নির্মাণশৈলীর প্রশংসা করে এটিকে চলতি সময়ের রুচিশীল নির্মাণ বলছেন।
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গের চিফ অফ কন্টেন্ট জনাব মুশফিকুর রহমান বলেন, “দর্শকদের কাছ থেকে ‘লাভ সিটার’-এর এমন অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। আমরা জানতাম গল্পটি মানুষের মনে জায়গা করে নেবে, কিন্তু এত ইতিবাচক প্রতিক্রিয়া পাবো তা প্রত্যাশার চেয়েও বেশি। নাগরিক একাকিত্ব এবং একটি প্রাণীর সাথে মানুষের আত্মিক বন্ধন দর্শকদের মন জয় করেছে।” তিনি আরও যোগ করেন, “সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মন্তব্য ও ইন্ডাস্ট্রির বোদ্ধাদের প্রশংসা এটাই প্রমাণ করে যে, দর্শক ভিন্নধর্মী এবং জীবনঘনিষ্ঠ বিনোদন পছন্দ করছেন। বঙ্গ সবসময় উন্নত মানের কনটেন্ট উপহার দিতে বদ্ধপরিকর।”





