শেখ হাসিনার পক্ষে চিঠি পাওয়ার গুঞ্জনে তোলপাড়, অবশেষে মুখ খুললেন চিফ প্রসিকিউটর!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে প্রসিকিউশন কোনো চিঠি পায়নি। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।
চিফ প্রসিকিউটর আরও জানান, বিচার চলাকালীন সময়ে কোনো আসামি পলাতক থাকলে তার আইনজীবী নিয়োগের সুযোগ থাকে না। তাছাড়া, আদালত অবমাননার শামিল এমন চিঠি পাঠানো। সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রায় বাতিলের দাবিতে ট্রাইব্যুনালের ই-মেইলে একটি চিঠি পাঠিয়েছিল লন্ডনভিত্তিক আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি। এই তথ্যের ভিত্তিতেই কিছু মহলে গুঞ্জন ছড়িয়ে পড়লে প্রসিকিউশন অবশেষে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানালো।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতাকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে গত বছরের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।





