হরমুজ প্রণালিতে প্রবেশে বিশেষ নির্দেশ! কোন দেশের জাহাজকে ছাড় দিচ্ছে ইরান?

আন্তর্জাতিক বাজারের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিশেষ নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সকল দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। তিনি বলেন, “আগ্রাসীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়” এমন জাহাজগুলোকেই কেবল এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। এক সাক্ষাৎকারে মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেন যে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পরই জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হবে। সম্প্রতি ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে এমন ঘোষণা তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, ইরান “যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র” সহ্য করবে না। জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যেকার সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল।





