মধ্যরাত থেকে সব বন্ধ! তেল-গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে সিলেটবাসী

সিলেট বিভাগে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটের কারণে বাহুবলসহ হবিগঞ্জ জেলায় ব্যাপক জনদুর্ভোগ দেখা দিয়েছে। বুধবার (১ এপ্রিল) মধ্যরাত থেকে প্রতীকী ধর্মঘট শুরু হওয়ায় সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। এতে যানবাহনগুলো তেল ও গ্যাস সংকটে পড়েছে।
পেট্রোল পাম্প মালিক সমিতি সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত জরিমানা ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সমিতির অভিযোগ, সাম্প্রতিক অভিযানগুলোতে বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে, যা ব্যবসার জন্য ক্ষতিকর। দাবি পূরণ না হলে এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হবিগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্য সচিব হেলাল মহালদার।
এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স, পণ্য পরিবহন এবং সাধারণ যাত্রীরা জ্বালানি সংকটে পড়েছেন। অনেক যানবাহন জ্বালানি না পেয়ে মাঝপথে বিকল হয়ে পড়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং হয়রানির অভিযোগ সঠিক নয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।





