অবশেষে চাঁদের পথে ৪ নভোচারী! ৫৪ বছর পর কি বদলে যাচ্ছে মহাকাশ জয়?

প্রায় ৫৪ বছর পর আবারও চাঁদের উদ্দেশে পাড়ি জমিয়েছে মানুষ। বুধবার (১ এপ্রিল) নাসার বিশাল রকেটের মাধ্যমে ৪ নভোচারীকে চাঁদের পথে পাঠানো হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই ঐতিহাসিক উৎক্ষেপণটি সম্পন্ন হয়। এই মিশনে তিনজন মার্কিন এবং একজন কানাডীয় নভোচারী রয়েছেন।
আর্টেমিস-২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান একজন অভিজ্ঞ সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট ও টেস্ট পাইলট। ২০০৯ সালে নাসার নভোচারী হিসেবে যোগ দেওয়ার পর ২০১৪ সালে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১৬৫ দিন অতিবাহিত করেন।
মিশন স্পেশালিস্ট ভিক্টর গ্লোভার, যিনি চাঁদে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী, ২০২০-২০২১ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন এবং স্পেসএক্স ক্রু ওয়ান মিশনের পাইলট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার তিনটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।
ক্রিস্টিনা কচ, ২০১৩ সালে নভোচারী হওয়ার পর একটানা ৩২৮ দিন মহাকাশে থেকে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড গড়েছেন। এই মিশনের মাধ্যমে তিনি চাঁদের চারপাশে ভ্রমণকারী বিশ্বের প্রথম নারী হওয়ার গৌরব অর্জন করতে পারেন।
মিশনের আরেক স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন, যিনি চাঁদে যাওয়া প্রথম কানাডীয়। এর আগে নাসার অ্যাকোয়ানট হিসেবে তিনি সাত দিন পানির নিচে অবস্থান করেছেন।
এই ঐতিহাসিক মিশনটি মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।





