যমজ শিশুর ডিএনএ টেস্টে মিললো চাঞ্চল্যকর তথ্য: বাবা ভিন্ন!

ব্রাজিলের মিনেইরোস শহরে জন্ম নেওয়া যমজ দুই শিশুর পিতৃত্ব নিশ্চিত করতে গিয়ে সম্প্রতি সামনে এসেছে এক অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। ডিএনএ টেস্টে দেখা গেছে, তাদের জৈবিক বাবা সম্পূর্ণ আলাদা দুজন ব্যক্তি। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত বিরল এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে ‘হেটারোপ্যাটারনাল সুপারফেকান্ডেশন’ বলা হয়। এটি এমন একটি পরিস্থিতি যেখানে একই মাসিক চক্রে নির্গত দুটি ভিন্ন ডিম্বাণু, অল্প সময়ের ব্যবধানে দুই ভিন্ন পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা ‘লাখে একটি’ ঘটে এবং পৃথিবীতে এ পর্যন্ত মাত্র ২০টির মতো ঘটনা রেকর্ড করা হয়েছে।
১৯ বছর বয়সী ওই তরুণীর ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছিল। তিনি একই দিনে দুজন ভিন্ন পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। ফলস্বরূপ, তার গর্ভে বেড়ে ওঠা যমজ শিশুরা একই মায়ের গর্ভ এবং জেনেটিক্স ভাগ করে নিলেও, তাদের জৈবিক বাবা দুজন ভিন্ন ব্যক্তি।
ঘটনার সূত্রপাত হয় যখন বাচ্চাদের বয়স আট মাস। পিতৃত্ব নিয়ে সন্দেহ দেখা দিলে তরুণী প্রথম ব্যক্তির ডিএনএ টেস্ট করান। ফলাফলে জানা যায়, ওই ব্যক্তির ডিএনএ কেবল একটি শিশুর সাথে মিলেছে। এরপর দ্বিতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে টেস্ট করানো হলে অপর শিশুটির সাথে তার ডিএনএ হুবহু মিলে যায়।
ডা. তুলিও হোর্হে ফ্রাঙ্কো, যিনি ওই তরুণীর চিকিৎসা করেছেন, তিনি এই ঘটনাকে বিরলতম বলে উল্লেখ করেছেন। এই ঘটনা যেমন চিকিৎসাবিজ্ঞানের জটিলতাকে সামনে এনেছে, তেমনই সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও নতুন আলোচনার সূত্রপাত।





